শুরু হলো ল্যাপটপ মেলা

১১ জুলাই, ২০১৯ ১০:৫১  
শুরু হয়েছে ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’ ল্যাপটপ মেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলা সবার জন্য উন্মুক্ত করা হয়। তিনদিন ব্যাপী এ মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেট। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে। মেলায় ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলা থেকে ইসেট ও ক্যাসপারেস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাক্সেসরিজও কিনতে পারবেন ক্রেতারা। এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ইসেট। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, ডেল, এইচপি, লেনোভো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।